বিজ্ঞানের টুকিটাকি – জুলাই-অক্টোবর ২০২৬
যে পাখির পালকে সত্যিই ‘ধাতু’ আছে!
– সায়ন্তনী ব্যানার্জী –

আফ্রিকার ঘন চিরহরিৎ অরণ্যে এমন একটি পাখি বাস করে, যার শরীরের উজ্জ্বল সবুজ ও লাল রং শুধু সাধারণ রঞ্জকের ফল নয়। Livingstone’s turaco (Tauraco livingstonii)-র পালকের রঙের পেছনে রয়েছে অত্যন্ত অস্বাভাবিক এক ধরনের প্রাকৃতিক রঞ্জক, যা অন্যান্য পাখির পালকে প্রায় দেখা যায় না।
Livingstone’s turaco দেখতে কেমন?
এটি মূলত পূর্ব ও দক্ষিণ-পূর্ব আফ্রিকার বনাঞ্চলের পাখি। এর শরীরের প্রধান বৈশিষ্ট্যগুলি হলঃ-
উজ্জ্বল সবুজ শরীর, মাথায় বড় সবুজ crest, চোখের চারপাশে উজ্জ্বল রং, ডানার নিচে গাঢ় লাল পালক এবং তুলনামূলকভাবে লম্বা লেজ। তার সাথে আছে শক্তিশালী পা ও নখর, যা গাছের ডালে চলাফেরায় সাহায্য করে। ঘন সবুজ পাতার মধ্যে বসে থাকলে পাখিটিকে প্রথমে আলাদা করে দেখাই কঠিন, কিন্তু উড়ে গেলে তার লাল flight feathers হঠাৎ চোখে পড়ে।
সবুজ রংটা এত অদ্ভুত কেন?
বেশিরভাগ সবুজ পাখির পালকে সরাসরি সবুজ রঙ্গক বা pigment থাকে না। সাধারণত হলুদ রঙ্গক এবং পালকের অণুবীক্ষণিক গঠন (microscopic structure) মিলে সবুজ রং তৈরি করে। কিন্তু turaco-দের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা। তাদের সবুজ পালকে থাকে turacoverdin নামের একটি বিশেষ রঙ্গক। এটি copper বা তামা-যুক্ত একটি রঙ্গক — অর্থাৎ পালকের রঙের অণুর মধ্যেই ধাতব উপাদান রয়েছে। তাই Livingstone’s turaco-কে মজার ছলে বলা যায় — “পালকে ধাতু বহন করা পাখি।”
শুধু সবুজ নয়, লাল রংও রহস্যময়!
Livingstone’s turaco-র ডানার পালকের নিচে গাঢ় লাল রং দেখা যায়। এই লাল রঙ্গক-এর নাম turacin। এটিও সাধারণ bird pigment নয়। turacin-এ copper থাকে। অর্থাৎ turaco-র শরীরে একইসঙ্গে দুই ধরনের তামা-যুক্ত রঙ্গক (copper-containing pigment) পাওয়া যায়:
🟢 Turacoverdin → সবুজ
🔴 Turacin → লাল
এটাই turaco-দের অন্য পাখিদের থেকে বিশেষভাবে আলাদা করে।
লাল পালকের আরেকটি আশ্চর্য বৈশিষ্ট্য
Turaco-র turacin জলে দ্রবণীয় হওয়ার কারণে এই রঙ্গক নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহ রয়েছে। পালক ক্ষতিগ্রস্ত হলে রঙ্গক-এর কিছু অংশ জলে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ সাধারণত আমরা ভাবি, পালকের রং মানেই keratin-এর মধ্যে আটকে থাকা স্থায়ী রঙ্গক। Turaco-র বেলায় সেই ধারণাকে বেশ খানিকটা বদলে দেয়।
কীভাবে এই পাখির দেহে তামা আসে?
Turaco ফল, বীজ, পাতা ইত্যাদি খায়। এসব খাবারে অতি অল্প পরিমাণে তামা থাকে। খাবার হজম হওয়ার পর তামা অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তে যায়। পাখির শরীর সেই তামা-কে বিভিন্ন তামা সংযুক্তকারী প্রোটিন-এর মাধ্যমে পরিবহন করে। এরপর পালক তৈরির সময় বিশেষ ধরনের pigment molecule তৈরি হয়। সেই রঙ্গক-এর সঙ্গে copper ion (Cu²⁺) যুক্ত হয়। এটা এমন নয় যে পাখি যত বেশি তামা খাদ্যের মাধ্যমে গ্রহণ করবে, পালক তত বেশি উজ্জ্বল হবে। Turaco-র শরীরে তামা-এর বিপাকক্রিয়া এবং রঙ্গক তৈরির জন্য একটি নির্দিষ্ট জৈবরাসায়নিক ব্যবস্থা রয়েছে।
আর একটি মজার বিষয় হল, turacoverdin-এর ক্ষেত্রে copper-এর উপস্থিতিই একে অন্যান্য পাখির সাধারণ সবুজ রং থেকে আলাদা করে। বেশিরভাগ সবুজ পাখির ক্ষেত্রে সবুজ রং তৈরি হয় হলুদ রঙ্গক (yellow pigment) + গঠনগত নীল রং (structural blue colour)-এর সমন্বয়ে; turaco-র সবুজ রঙ্গক (green pigment) নিজেই একটি বিশেষ তামা-যুক্ত রঙ্গক (copper-containing pigment)।
